কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

0
47

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে।

রবিবার (৪ জানুয়ারি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে ব্যবসায়ীরা সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থান নিলে এই সংঘাতের সূত্রপাত হয়। এরপর থেকে এলাকাটিতে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় মোবাইল ব্যবসায়ীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। জবাবে পুলিশ জলকামান, লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছে।

জানা যায়, বেলা সাড়ে ১১টা থেকে ব্যবসায়ীরা পরিবারসহ জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বাধ্য করে। ব্যবসায়ীরা রাস্তায় নামার আগেই কয়েকজনকে আটক করা হয়। এরপর কয়েকশ ব্যবসায়ী সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থান নেন।

গত বৃহস্পতিবার থেকে হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর কার্যকর করা হয়েছে। এই এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন।

সরকারের অভিযোগ, ব্যবসায়ীদের একটি অংশ অবৈধভাবে কর ফাঁকি দিয়ে নিম্নমানের, ক্লোনড এবং ব্যবহৃত ফোন দেশের বাজারে সরবরাহ করছে। কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করার লক্ষ্যেই এনইআইআর পদ্ধতি চালু করা হয়েছে।