উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

0
62

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ দিনব্যাপী এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (৪ জানুয়ারি) থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামিও রয়েছেন। আটকের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ৭২ পুরিয়া হেরোইন, এক পিস ইয়াবা এবং দুই পুরিয়া গাঁজা। গ্রেপ্তারকৃতরা হলেন—সৈকত আলী, মো. মঞ্জু, ফরিদুল ইসলাম, মো. আরাফাত, মাহির হাসান, রবিউল হাসান, মো. রাজু, মো. অভি, মো. রাইসুল, তানভীর হাসান দীপ্ত এবং মো. সজীব। পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।