দুর্নীতির অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ এবং তার স্ত্রী ফেরদৌস আরা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর আগে দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক সাইফুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ‘এ কে এম ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা ঋণ গ্রহণ, ওভার ইনভয়েস ও ভুয়া এলসির মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
‘অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন’।