মানবতাবিরোধী অপরাধ: জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

0
66

জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উসকানির দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ (বুধবার, ৭ জানুয়ারি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হবে। প্রথমে প্রসিকিউশনকে এবং পরে আসামিপক্ষকে শুনবেন আদালত।

আসামি জুনায়েদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। আজ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। তার পক্ষে আইনজীবী লিটন আহমেদ আইনি লড়াই করছেন।

অপর আসামি সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে থাকায় তার অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে। গত ১৭ ডিসেম্বর জয় হাজির না হওয়ায় তার পক্ষে সরকারি খরচে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়।

এর আগে, গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন এবং একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত।

প্রসিকিউশন জানিয়েছে, সজীব ওয়াজেদ জয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটির উপদেষ্টা ছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল আইসিটি মন্ত্রণালয়। প্রসিকিউশন জয়ের নাম এই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছে এবং পলক বাংলাদেশে বসে তার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন বলে অভিযোগ করা হয়।