সিদ্ধিরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

0
68

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে রাতুল ইসলাম রবি (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মিজমিজি দশ পাইপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রবি মিজমিজি পাগলাবাড়ি এলাকার ফারুক হোসেনের ছেলে। এ ঘটনায় রবির দুই বন্ধুসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবি ও তার দুই বন্ধু নিবির (১৯) ও বিজয় (২০) একটি মোটরসাইকেলে করে দ্রুত গতিতে জালকুড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মিজমিজি দশ পাইপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক দম্পতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নিবির ও বিজয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মোটরসাইকেলটিতে এক দম্পতি তাদের শিশু সন্তানসহ ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষে তারাও আহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর তাদের সঠিক অবস্থান বা পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্য বাইকে থাকা দম্পতির সন্ধানে পুলিশ কাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।