কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত অন্তত ৭

0
17

কুমিল্লার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অদূরে দরানী ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আরমান হোসেন (১৬)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্নে পৌঁছালে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রীর মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।