সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

0
37

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা তার ১ কোটি ডলার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক মশিউর রহমান সম্পদ জব্দের আবেদন করেন বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ।

এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনে একই আদালত জাবেদসহ ছয়জনের নামে থাকা ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ারও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

দুদক সূত্র জানায়, জাবেদের বিদেশি সম্পদের মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভিয়েতনামে ৪টি, ভারতে ৯টি ও ফিলিপাইনে ২টি বাড়ি রয়েছে। পাশাপাশি বিদেশে তার মালিকানায় ৩০টি অ্যাপার্টমেন্ট রয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪–২০১৮ মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯–২০২৩ মেয়াদে ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে চলে যান। তার বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে দুদক ও সিআইডি একাধিক মামলা করেছে।