শেষ চার মাস আমাকে কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম

0
60

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, পদত্যাগের আগে শেষ চার মাস তাকে কার্যকরভাবে কাজ করতে দেওয়া হয়নি। রাষ্ট্র সংস্কারের সুযোগ না পাওয়ার কথাও তুলে ধরেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন মাহফুজ আলম।

তিনি বলেন, “শেষ চার মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। আমরা রাষ্ট্র সংস্কার করতে পারিনি। পুরোনো বন্দোবস্তের লোকদের বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয়।”

সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মাহফুজ আলম বলেন, গণঅভ্যুত্থান অল্প কিছু মানুষের সুবিধার জন্য হয়নি; এটি সবার পরিবর্তনের জন্য। কিন্তু দেশে দালালচক্র গড়ে উঠেছে, তারা সম্পদ জমাচ্ছে ও মিডিয়া চালাচ্ছে—এগুলোর কোনো পরিবর্তন হয়নি। “রাঘববোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে প্রকৃত পরিবর্তন আসবে না,” বলেন তিনি।

রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গে তিনি বলেন, “যদি জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মধ্যে চুক্তি হয়ে থাকে, তাহলে কেন বিপরীতমুখী বক্তব্য আসছে? রাজনৈতিক সমঝোতা মানে ক্ষমতার কাঠামোর পুনর্বিন্যাস। সম্পদের পুনর্বণ্টন জরুরি, কিন্তু জমির বণ্টন নিয়ে কোনো কাজ হয়নি।”

শেষে মাহফুজ আলম বলেন, গণঅভ্যুত্থান দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছিল, কিন্তু রাজনৈতিক দলগুলো আবার সেই অগ্রযাত্রাকে পিছিয়ে দিচ্ছে।