এফএ কাপে বড় জয়ের রেশ কাটতে না কাটতেই কারাবাও কাপেও জয়ের ধারা অব্যাহত রাখল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে ওঠার পথে বড় সুবিধা নিল পেপ গার্দিওলার দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় সিটি। ৫৩তম মিনিটে জেরেমি ডোকুর ক্রস থেকে বার্নার্ডো সিলভার বাড়ানো বল খুব কাছ থেকে জালে পাঠান আন্তোইন সেমেনিও। ম্যানচেস্টার সিটির জার্সিতে অভিষেক মৌসুমেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলা এই উইঙ্গার দ্বিতীয় গোলের খুব কাছাকাছি গিয়েও ভিএআর সিদ্ধান্তে হতাশ হন। শেষ পর্যন্ত ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় রায়ান শেরকি গোল করে সিটির জয় নিশ্চিত করেন।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নিউক্যাসল। অ্যান্থনি গর্ডনের পাসে জ্যাকব মার্ফির ক্রস থেকে ইউয়ানে উইসা সুযোগ পেলেও তার শট লক্ষ্যের অনেক বাইরে দিয়ে যায়। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। জেরেমি ডোকু ও সেমেনিও দুই প্রান্ত দিয়ে নিয়মিত চাপ সৃষ্টি করেন। প্রথমার্ধে বার্নার্ডো সিলভার ক্রস থেকে আর্লিং হালান্ডের সুযোগ নিক পোপের দৃঢ়তায় নষ্ট হয়।
মাঝমাঠে জোয়েলিন্টনের আগ্রাসী খেলায় নিউক্যাসল ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর স্বাগতিকরা কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। উইসার হেড ও ব্রুনো গিমারেসের শট পোস্টে লাগলে গোলের কাছাকাছি গিয়েও হতাশ হয় নিউক্যাসল।
শেষ পর্যন্ত সিটির সংগঠিত আক্রমণই পার্থক্য গড়ে দেয়। সেমেনিওর গোলের পরও নিউক্যাসল লড়াই চালিয়ে গেলেও ম্যাচের শেষ মুহূর্তে শেরকির গোল তাদের সব আশা শেষ করে দেয়। এই জয়ে দুই লেগের লড়াইয়ে বড় সুবিধা নিয়ে ৪ ফেব্রুয়ারি ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগ খেলতে নামবে ম্যানচেস্টার সিটি।