রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

0
48

রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলিতে সেনাবাহিনীর অভিযানে ধারালো অস্ত্রসহ ৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ সময় তালিকাভুক্ত একটি কিশোর গ্যাং সমাবেশে ধারালো অস্ত্র প্রদর্শন করে হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর হটলাইন নম্বরে কল করা হলে বসিলা আর্মি ক্যাম্প থেকে চারটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে সেনাবাহিনী মারুফ (১৯), মো. সানি (১৮), মো. আলাল (১৯), মো. রিফাত (২০), মো. সজিব (১৯), মো. রানা (১৯), মো. সাব্বির (১৮), মো. নাজমুল হাসান (১৯) ও ওয়াসিম (২২) নামের ৯ জনকে আটক করে। অভিযানে তাদের কাছ থেকে ১৫টি বড় ধারালো ছুরি ও তিনটি সামুরাই উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, অভিযানের সময় স্থানীয় জনগণ সার্বক্ষণিকভাবে সহায়তা করেছেন এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও জানানো হয়েছে।