সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসী নিহত

0
29

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাইয়েদ আহমেদ (৩২)। তিনি গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নিহতের ভাই মো. ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১১ জানুয়ারি সৌদি আরবের সময় বিকেল সোয়া ৫টার দিকে রিয়াদ শহরের ৮ নম্বর সিটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি হার্ডওয়্যার দোকানের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে মালামাল নামানোর সময় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সাইয়েদ আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইয়েদ আহমেদ ছিলেন মো. রুহুল আমিন ও শিরিন আক্তার দম্পতির ছেলে। তিনি প্রায় সাত বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে যান এবং রিয়াদে একটি হার্ডওয়্যার দোকানে কাজ করছিলেন।

নিহতের বাবা মো. রুহুল আমিন বলেন, “আমার ছেলে আগামী ১৫ জানুয়ারি দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই আল্লাহ তাকে নিয়ে গেলেন। এই শোক আমি কীভাবে সইবো।”

স্থানীয়দের বরাতে জানা গেছে, সাইয়েদ আহমেদের দাম্পত্য জীবনে ছয় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তার নাম মো. আরিয়া মিয়া। সে এ বছর স্থানীয় একটি মাদরাসায় ভর্তি হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।