একদিনের ব্যবধানে থাইল্যান্ডে ফের ক্রেন দুর্ঘটনা, নিহত ২

0
38

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে আবারও ক্রেন দুর্ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার সামুত সাখোন প্রদেশে একটি এলিভেটেড হাইওয়ে নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে নিচের সড়কের ওপর পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ সুপার কর্নেল সিত্তিপর্ন কাসি রয়টার্সকে জানান, নির্মাণাধীন উঁচু সড়কের কাজে ব্যবহৃত ক্রেনটি হঠাৎ ভেঙে পড়ে। পুলিশের আরেক কর্মকর্তা বলেন, এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

এই দুর্ঘটনার একদিন আগে বুধবার থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে ক্রেন পড়ে ট্রেন দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়। দুটি ঘটনা মিলিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৩৪ জন নিহতের তথ্য পাওয়া গেছে।

থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এক দিনের ব্যবধানে ঘটে যাওয়া দুই দুর্ঘটনার সঙ্গেই একই নির্মাণ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটির নাম ‘ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট’। বুধবার নাখোন রাচাসিমা প্রদেশে চীনের সহায়তায় নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি অংশে কাজ চলাকালে প্রতিষ্ঠানটির ব্যবহৃত একটি বড় ক্রেন ভেঙে পড়ে বলে জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের দুর্ঘটনাটি প্যারিস ইন গার্ডেন হোটেলের সামনে ঘটে। ঘটনাস্থলের ভিডিওতে ধুলা ও ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনাস্থল রামা টু এক্সপ্রেসওয়েতে বর্তমানে একাধিক বড় অবকাঠামো প্রকল্প, যেমন টোল সড়ক নির্মাণসহ নানা কাজ চলছে। অতীতে এখানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় এলাকাটি স্থানীয়দের কাছে ‘ডেথ রোড’ নামেও পরিচিত। বুধবারের ঘটনায় ক্রেনটি চলন্ত ট্রেনের ওপর পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়। ওই ট্রেনে ১৯৫ জন যাত্রী ছিলেন বলে পরিবহনমন্ত্রী জানিয়েছেন এবং তিনি ঘটনাগুলোর পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্র: রয়টার্স, দ্য ইউএস সান, আল-জাজিরা