দারুণ শোচনীয় পরিস্থিতিতে পড়েছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোকে বিদায় করার পর নতুন কোচ আলভারো আরবেলোয়ার অভিষেক ম্যাচেই বড় অঘটনের শিকার হলো লস ব্লাঙ্কোসরা। কোপা দেল রের শেষ ষোলোয় দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রিয়াল, আর ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আলবাসেত।
বুধবার দিবাগত রাতে আলবাসেতের মাঠ কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচজুড়ে বল দখলে একপেশে আধিপত্য দেখালেও কাঙ্ক্ষিত ফিনিশিং করতে পারেনি। ২০০৫ সালের পর প্রথমবার এই ভেন্যুতে খেলতে নেমে রিয়ালের পজেশন ছিল ৭৮ শতাংশ। তারা ২০টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৫টি। অন্যদিকে আলবাসেতে ১২ শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় এবং কার্যকারিতাতেই ম্যাচ জিতে নেয়।
ম্যাচের শুরুতেই রিয়াল জার্সিতে ৩৫০তম ম্যাচ খেলতে নামা ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী স্লোগানের শিকার হন। এর মাঝে প্রায় ২০ মিনিট পর্যন্ত ঘন কুয়াশাও স্টেডিয়ামকে ঢেকে ফেলে। ম্যাচে রিয়াল কিছুটা ছন্দ খুঁজলেও স্পষ্ট সুযোগ তৈরি করতে হিমশিম খায়। ২৬ মিনিটে ফেদে ভালভার্দে রিয়ালের প্রথম লক্ষ্যে শট নেন, কিন্তু আলবাসেত গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। অন্য প্রান্তে রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনও প্রতিপক্ষের একটি প্রচেষ্টা রক্ষা করেন।
৪২ মিনিটে আলবাসেতে এগিয়ে যায়। কর্নার থেকে আসা বলে মিডফিল্ডার জাভি ভিয়া হেডে জাল কাঁপিয়ে রিয়ালকে চাপে ফেলে দেন। তবে বিরতির ঠিক আগে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতায় ফেরে রিয়াল। ডিন হুইজসেনের হেড থেকে বল পেয়ে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো পায়ের টোকায় গোল করেন। এটি রিয়াল জার্সিতে অভিষেক মৌসুমে ১৮ ম্যাচে আর্জেন্টাইন তরুণের দ্বিতীয় গোল।
দ্বিতীয়ার্ধে দুই দলই লিড নেওয়ার জন্য মরিয়া ছিল। ৬৮ মিনিটে আর্দা গুলারের ফ্রি-কিক থেকে গঞ্জালো গার্সিয়া হেডের সুযোগ পেলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। ম্যাচের শেষ দিকের আট মিনিট ও যোগ করা সময়েই ঘটে মূল নাটক। ৮১ মিনিটে লুনিন একটি শট ঝাঁপিয়ে ঠেকালেও পরের মুহূর্তে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় রিয়াল ডিফেন্স, সুযোগ কাজে লাগিয়ে ভলিতে গোল করেন আলবাসেতের জেফটে বেতানকার— ২-১।
তবে রিয়াল হাল ছাড়েনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গুলারের ক্রস থেকে হেডে গঞ্জালো গার্সিয়া গোল করে সমতা ফেরান— ২-২। মনে হচ্ছিল ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু শেষ বাঁশি বাজার আগমুহূর্তে আবারও আঘাত হানে আলবাসেতে। বেতানকারের প্রথম শট দানি কারভাহাল আটকালেও দ্বিতীয় চেষ্টায় কোণাকুণি শটে বল জালে পাঠিয়ে দেন তিনি— ৩-২।
রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে স্বাগতিক সমর্থকরা। লা লিগা ২-এ টেবিলের ১৭ নম্বরে থাকা আলবাসেতে এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায়, আর আরবেলোয়ার প্রথম ম্যাচেই বড় আপসেটের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।