চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ভারতে যেতে সহায়তাকারী মানবপাচার চক্রের এক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মানবপাচারকারীর নাম মো. শাহিন। তিনি বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে। অন্য তিন আটক হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর-লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহী মহানগরীর আসাম কলোনীর শফিকুল ইসলাম মুন্না এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুরের মো. তারাজুল ইসলাম।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ দূরে বাংলাদেশের একটি গ্রামে অভিযান চালিয়ে শাহিনসহ চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, শাহিনের সহায়তায় তারা ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে তাদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল।
তিনি আরও জানান, আটক চারজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।