রাণীনগরের সিম্বা বাজারে আগুনে দুই দোকান পুড়ে ছাই, ক্ষতি ৬ লাখের বেশি

0
32

নওগাঁর রাণীনগরে একটি হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে মুদি দোকানসহ দুটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সিম্বা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে সিম্বা বাজারের আব্দুল বারিক টুকুর মুদি দোকানঘর এবং মোজাফ্ফর আকন্দের চায়ের দোকানঘরসহ দোকানগুলোর ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।

আব্দুল বারিক টুকুর ছেলে সৈকত জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাত ৩টার দিকে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে এসে তারা দেখতে পান পাশের হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুই দোকানঘর, দোকানের মালামাল, মোজাফ্ফরের চায়ের দোকান এবং হোটেলের রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট অথবা হোটেলের রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।