সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপিল বিভাগের ১৫ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে আগে প্রকাশিত ১১ ডিসেম্বরের প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন তফসিল অনুযায়ী, আগামী রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সোমবার (১৯ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাই হবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি, আর ২৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ইসি জানিয়েছে, এই দুই আসনে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে। ভোটাররা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট প্রদান করবেন।