আসন্ন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি)। শায়েস্তাগঞ্জ থানাসংলগ্ন উপজেলা পরিষদ মাঠে বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
তাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সমাবেশ সফল করতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিন-রাত মাঠে কাজ করছেন।
এদিকে প্রায় ২০ বছর পর বরিশাল সফরেও যাচ্ছেন তারেক রহমান। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠেয় নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
দলের একাধিক দায়িত্বশীল নেতা জানান, গত বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বরিশাল বিভাগের নেতাদের বিষয়টি জানানো হয়। দীর্ঘদিন পর শীর্ষ নেতাকে স্বচক্ষে দেখার সুযোগকে কেন্দ্র করে বিভাগজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ১৪ মে বরিশালে সর্বশেষ সফর করেছিলেন তারেক রহমান। সেদিন তিনি বরিশাল স্টেডিয়ামে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত একটি কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।