চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাত আটক

0
38

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও ডাকাত আক্কাস আলী (৩০) কে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে চুনারুঘাট আর্মি ক্যাম্প (১৩ ইবি) এ অভিযান পরিচালনা করে। এর আগে পৃথক অভিযানে আটক তিন মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্যে আক্কাস আলীর অবস্থান শনাক্ত করা হয়।

পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি চাইনিজ অস্ত্র, ১টি রামদা, ১টি চাপাতি, ১টি ছোট ছুরি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, আক্কাস আলী দীর্ঘদিন ধরে চুনারুঘাট এলাকায় ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে এবং এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।