চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম, পিপিএম-এর তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ ও ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারোমাসিয়া চা বাগান এলাকায় অভিযান চালায়।
রাত আনুমানিক ২টার দিকে বারোমাসিয়া চা বাগানের টি.কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০০ গজ পেছনে চা বাগানের জঙ্গলের ভেতর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া দুটি বস্তা থেকে সর্বমোট ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—নাশকতা সৃষ্টি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র সেখানে মজুদ করে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগেও ভূজপুর ও ফটিকছড়ি থানার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে একাধিক দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, সন্ত্রাস দমন ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।