যশোরে দোকানিকে হত্যা, পরে অভিযুক্তকেও পিটিয়ে হত্যা

0
26

যশোরের চৌগাছার সলুয়া কলেজের অদূরে রফিকুল ইসলাম (৪২) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় অভিযুক্ত হামলাকারী আব্দুল আলিম পলাশকে (৩৭) পিটিয়ে হত্যা করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, জমি নিয়ে বিরোধে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের বাড়ি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগহাটি গ্রামের রফিকুল ইসলাম কিছুদিন আগে একই গ্রামের হজরত আলীর ছেলে পলাশের কাছ থেকে জমি কেনেন। ওই জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রফিকুল ইসলাম সলুয়া বাজারে নিজের দোকান খোলার জন্য বাড়ি থেকে বের হয়। তিনি সলুয়া কলেজ সংলগ্ন একটি স’মিলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা পলাশ ধারালো হাসুয়া দিয়ে তার মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত রফিকুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। তবে ঢাকা নেওয়ার পথে নড়াইল পৌঁছালে তার মৃত্যু হয়।

এদিকে, হামলার পর পালানোর সময় স্থানীয়রা পলাশকে ধরে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। মরদেহ দুটি হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর বুধবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।