ঝিনাইদহে ড্যাবের দোয়া মাহফিল

0
25

ঝিনাইদহে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড্যাব ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

ড্যাবের খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডা. মো. আরাফাত রহমান ও ডা. মো. আব্দুল খালেকের সঞ্চালনায় বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান এবং ড্যাব কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. আবু সায়েম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, ১/১১-এর সময় বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছিল। শহিদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়, তবে আল্লাহ যাকে চান তাকে রক্ষা করেন।

অনুষ্ঠানে ঝিনাইদহের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা অংশ নেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।