ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ডিলারকে লাখ টাকা জরিমানা

0
36

ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার গোকর্ণঘাটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের ভিত্তিতে গোকর্ণঘাট এলাকার ‘নিউ এলপিজি গ্যাস’ নামের একটি ডিলার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ডিলার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে বিভিন্ন প্যাকেজের নামে ১ হাজার ৩০৬ টাকা মূল্যের এলপিজি গ্যাস ২ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি করছিলেন।

অভিযানকালে উপস্থিত একাধিক ক্রেতা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ করেন। ভোক্তাদের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হলে ডিলার দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।