নারী-পুরুষ সবাই মিলে আগামীর দেশ গড়ব: জামায়াত আমির

0
56

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মা–বোনদের ইজ্জত নিয়ে কোনো ধরনের অপমান ও অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মিরপুরের আদর্শ স্কুলমাঠে জামায়াতের নির্বাচনী সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী চায় নারীরা কর্মক্ষেত্রে সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তা–ঘাটে চলাচলের ক্ষেত্রেও নারীদের নিরাপত্তা নিশ্চিতে দলটি অঙ্গীকারবদ্ধ। নারী ও পুরুষ একসঙ্গে মিলেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “কিছু বন্ধুদের বলতে চাই—মেহেরবানি করে মায়েদের ইজ্জতে কখনো টান দেবেন না। তাহলে আগুন জ্বলবে। সব সহ্য করা হবে, কিন্তু মায়েদের ইজ্জতের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

১০ দলীয় জোটকে ভোট দেওয়ার অর্থ চাঁদাবাজির বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট উল্লেখ করে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে। তিনি বলেন, সরকারি করের বাইরে দেশে এক ধরনের ‘বেসরকারি ট্যাক্স’ চালু আছে, যা ভিক্ষুক থেকে শুরু করে সাধারণ মানুষকেও দিতে হয়। এই চাঁদাবাজি বন্ধ করা হবে এবং ট্যাক্সের নামে কোনো জুলুম চলতে দেওয়া হবে না বলে আশ্বাস দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে আর কোনো ভোট চোর দেখতে চায় না মানুষ। যারা নিজেদের দলের ভেতরের চাঁদাবাজি, দখলবাজি ও সহিংসতা ঠেকাতে পারবে, তারাই আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে। ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য গণভোটে মানুষ ‘হ্যাঁ’-কেই বিজয়ী করবে বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যাসিবাদের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, মানুষ আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না। ভোট ডাকাতি বন্ধ করতে হবে। ইনসাফের অভাবে দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করে সেখানে ‘বেগম পাড়া’ গড়ে তুলেছে। নতুন পোশাকে কোনো ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও ৫ আগস্টের মতো হবে বলে সতর্ক করেন তিনি।