বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চুক্তি করেছে আফগানিস্তান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আফগানি সংবাদমাধ্যম পাজহক-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের উপ বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাওলাই আহমাদুল্লাহ জাহিদনেতৃত্বে আফগান ব্যবসায়ীরা বাংলাদেশের প্রধান ওষুধ প্রস্তুতকারকদের সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর করতে এবং দেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানি করতে সম্মত হয়েছেন।
আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, উপমন্ত্রী মাওলাই আহমাদুল্লাহ জাহিদ একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশের দুটি বৃহত্তম ওষুধ কোম্পানি ‘বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ এবং ‘রেনাটা পিএলসি’ পরিদর্শন করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এই কোম্পানিগুলো বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারীদের মধ্যে অন্যতম, যারা প্রায় ৫০টি দেশে ওষুধ রপ্তানি করে।
সফরকালে মাওলাই জাহিদ বাংলাদেশি ওষুধ বিনিয়োগকারীদের আফগানিস্তানে ওষুধ উৎপাদন সুবিধা স্থাপনের জন্য আমন্ত্রণ জানান।
তিনি জোর দিয়ে বলেন, ‘দেশব্যাপী পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান (আইইএ) শিল্প ও উৎপাদনকে সমর্থন করে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দেয়।’
এদিকে, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ঔষধ ও স্বাস্থ্য পণ্য নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক ডা. নাইমুল্লাহ আইয়ুবি বাংলাদেশি নির্মাতাদের বিদ্যমান মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে ব্যাপক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, আফগান ব্যবসায়ীরা এবং বাংলাদেশি ওষুধ কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আফগানিস্তানে সরাসরি চুক্তি স্বাক্ষর এবং ওষুধ আমদানির জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।