ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে বাংলাদেশ সরে আসবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ গ্রহণ করেনি, যা ন্যায়সঙ্গত নয়। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, শেষ পর্যন্ত আইসিসি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে যথাযথ সুবিচার করবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেন, আইসিসির কাছ থেকে বাংলাদেশ সঠিক সুবিচার পায়নি। তিনি আশা প্রকাশ করেন, নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলংকায় ম্যাচ আয়োজনের আবেদন আইসিসি গ্রহণ করবে। তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেললে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। এ বিষয়ে তিনি ক্রিকেটারদের সঙ্গেও ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন বলে জানান।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানান, তারা পুনরায় আইসিসির সঙ্গে যোগাযোগ করবেন। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ ভারতে খেলতে চায় না এবং শ্রীলংকায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের পক্ষেই তাদের অবস্থান।
উল্লেখ্য, বাংলাদেশের আবেদনের পর বুধবার আইসিসির বোর্ড সদস্যদের ভোট শেষে জানানো হয়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে। বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হতে পারে এবং পরিবর্তে অন্য কোনো দলকে সুযোগ দেওয়া হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদিন সময় বেঁধে দিয়েছে।