ভাঙ্গায় বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ৭

0
33

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার ধলার মোড় এলাকার বাসিন্দা ও ট্রাকচালক নবীন শেখ (২২), পিতা শেখ মজিদ, এবং ট্রাকের হেলপার রাশেদ (৩০)। রাশেদের বাবার নাম ও ঠিকানা জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ফরিদপুরগামী ‘সপ্তবর্ণা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রাশেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক নবীন শেখকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই বাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন বলেন, মুখোমুখি সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।