মাদারীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চার বালতি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইদ্রিস হাওলাদার ও হাবিব হাওলাদারের বাড়ির পাশের বালুর মাঠসংলগ্ন ঝোপ-ঝাড় থেকে এসব ককটেল ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো চারটি বালতিতে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ানের নেতৃত্বে দুই প্লাটুন সেনা সদস্য, মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর ডগ স্কোয়াডের দুটি কুকুর নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট ৪০টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৩টি শরকি, ৩টি রামদা, ২টি স্মার্টফোন ও ১টি বাটন ফোনসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মেজর রেজোয়ান বলেন, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।