জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

0
43

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল টিম টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ড।

বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও খোলামেলা মতবিনিময় করা হয়।

আলোচনায় উভয় পক্ষ আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।