দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের পরামর্শ চান তারেক রহমান

0
30

দোষারোপের রাজনীতি থেকে সরে এসে দেশ গঠনে তরুণদের পরামর্শ নিতে চান বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আয়োজিত ‘পলিসি টক’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, রাজনীতিতে একে অপরকে দোষারোপের প্রবণতা রয়েছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে দেশ গড়ার জন্য নতুন চিন্তা ও উদ্যোগ প্রয়োজন। সে জন্য তরুণদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিতে চান তিনি। পাশাপাশি বিদেশে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েন উল্লেখ করে তিনি বলেন, তাদের সহায়তায় স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা করছে বিএনপি।

জলবদ্ধতা নিরসন ও ভূগর্ভস্থ পানির মজুত বাড়াতে খাল খননের ওপর জোর দিয়ে বিএনপির চেয়ারম্যান জানান, ক্ষমতায় এলে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে তাদের।

তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি দিলেই চলবে না, বাস্তবায়নের চেষ্টা না করলে জনগণের আস্থা পাওয়া যায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা ও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

চাঁদাবাজি সমস্যার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের স্পষ্ট বার্তা যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের হয়, তাহলে এসব অপরাধ অনেকটাই কমে আসবে।

ভোকেশনাল শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী ৫ থেকে ১০ বছরে বিশ্ববাজারে কোন ধরনের দক্ষতার চাহিদা বাড়বে তা বিবেচনায় নিয়ে ভোকেশনাল ইনস্টিটিউটগুলোর কারিকুলাম আধুনিক করা হবে। প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে বিদেশে দক্ষ শ্রমশক্তি পাঠানোর লক্ষ্যও রয়েছে বিএনপির।

স্বাস্থ্য খাতে টেকসই সমাধানের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলে সময় ও সম্পদের অপচয় হয়। বরং হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলাই বেশি কার্যকর।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান জানান, স্কুলগুলোকে অডিও-ভিজুয়াল সংযোগের আওতায় আনা হবে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের সেরা শিক্ষকেরা পাঠদান করতে পারেন। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আধুনিক ডিভাইস সরবরাহের কথাও জানান তিনি।