জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম বলেছেন, ন্যূনতম জ্ঞান ও শিক্ষা ছাড়া যারা মানুষকে বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। তিনি বলেন, এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ এক হাজারেরও বেশি শহিদের জীবনের বিনিময়ে অর্জিত। অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে এই পরিবর্তন এসেছে। এর মূল কারণ ছিল—বাংলাদেশের মানুষ সংস্কার ও পরিবর্তন চেয়েছিল।
তিনি গণভোট প্রসঙ্গে বলেন, ‘গণভোটে হ্যাঁ ভোট দিলে ৭১ থাকবে না, এই থাকবে না, ওই থাকবে না—এমন কথা যারা বলে, আমরা মনে করি তাদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই।’ তার ভাষ্য অনুযায়ী, সংস্কারের পক্ষে না থেকে যারা বিভ্রান্তি ছড়ায়, তারা নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এনসিপি বিশ্বাস করে গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি প্রতীকের বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।