নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপ

0
39

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে উপস্থিত হন। অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় কলেজের গেটে তাকে বাধার মুখে পড়তে হয়। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়।

ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাজনিত কারণে দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ ঘটনার প্রতিবাদ ও বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। কার্যালয়টি ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত।

উল্লেখ্য, এর আগেও গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণার সময় তার ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।