জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ

0
46

নির্বাচনী প্রচারণায় জামায়াতের নারী কর্মীদের কাজে বাধা, হেনস্তা ও হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “এই প্রথমবার আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছে। আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই নারী সমাবেশ শুরু হবে।”

সংবাদ সম্মেলনে ডা. তাহের অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে এবং তাদের ওপর হেনস্তা ও হামলার ঘটনা ঘটছে। তার দাবি, এসব হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত।

তিনি আরও বলেন, “জামায়াতের নারী কর্মীদের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। এর প্রতিবাদ জানাতেই এই নারী সমাবেশের আয়োজন করা হয়েছে।”