১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

0
33

রমজান মাসকে সামনে রেখে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে প্রায় ১৮৬ কোটি টাকা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দেশের দুটি প্রতিষ্ঠান থেকে প্যাকেজ আকারে ১০টি লটে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

এর মধ্যে সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এতে ব্যয় হবে ৯২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের মূল্য নির্ধারিত হয়েছে ১৮৫ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে, শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে টিসিবির জন্য আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করা হবে। এতে ব্যয় হবে ৯২ কোটি ৯৫ লাখ টাকা। এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯০ পয়সা।

বৈঠকে সয়াবিন তেলের পাশাপাশি সার আমদানির একাধিক প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।