আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওমানের ওয়ার্ক ভিসা পুনরায় চালুর আশ্বাস

0
47

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি।

সৌদি আরবে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে এক বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী এই আশ্বাস দেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে উপদেষ্টা ওমানে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের উদ্যোগ নেওয়ায় ওমান সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশি দক্ষ কর্মী—বিশেষ করে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর বিষয়ে সহযোগিতা কামনা করেন।

এছাড়া অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য ওয়ার্ক ভিসার ওপর যে স্থগিতাদেশ রয়েছে, তা পুনর্বিবেচনার অনুরোধ জানান উপদেষ্টা।

ওমানের শ্রমমন্ত্রী জানান, দেশটিতে বিদ্যমান অনিয়মিত ও অনথিভুক্ত প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে ২০২৩ সাল থেকে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন।

বৈঠকে উপদেষ্টা অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী প্রেরণের আগে দক্ষতা যাচাই এবং প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন-কানুন সম্পর্কে অবহিতকরণসহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এছাড়া চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকটি স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।