দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, এটিম মাঠে জনসভা

0
33

নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় শহরের এটিম মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ ও মাইক স্থাপনের কাজ চলছে। বুধবার দুপুরে এটিম মাঠ এলাকা ঘুরে দেখা যায়, শ্রমিকরা মঞ্চ তৈরি এবং সাউন্ড সিস্টেম বসানোর কাজে ব্যস্ত। এ উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, দীর্ঘ সময় পর দলীয় চেয়ারম্যান নওগাঁয় আসছেন—তাকে বরণ করতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় আছে। তিনি নওগাঁর উন্নয়ন নিয়ে তার চিন্তা ও পরিকল্পনা তুলে ধরবেন বলেও জানান রিপন। তিনি আরও বলেন, দলীয়ভাবে তারা প্রস্তুত এবং নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, জনসভায় প্রায় দুই লাখের বেশি মানুষের সমাগম হতে পারে।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। রাজশাহীর সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দেবেন এবং নওগাঁর কর্মসূচি শেষে বগুড়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।