ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আদালত নতুন করে আগামী ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা তিনবার পেছাল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এদিন প্রতিবেদন জমা দিতে পারেনি। ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ নতুন তারিখ ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান।
শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন, যা পরে হত্যা মামলায় রূপ নেয়। মামলাটি তদন্ত করে ডিবি পুলিশ ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে ১৫ জানুয়ারি মামলার বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। এর পর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন এবং ২০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। সেদিন প্রতিবেদন না আসায় ২৫ জানুয়ারি নতুন দিন ধার্য করা হয়। আজও প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত আবার সময় বাড়িয়ে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। আদালত নতুন করে ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য ধার্য করেছেন। এ নিয়ে মামলার অধিকতর প্রতিবেদন দাখিলের তারিখ তিনবার পেছাল।