বনগাঁর অনুষ্ঠানে মিমি চক্রবর্তীর সঙ্গে হেনস্তা, ঘটনার প্রতিবাদে শুভশ্রী গাঙ্গুলি

0
34
বনগাঁর অনুষ্ঠানে মিমি চক্রবর্তীর সঙ্গে হেনস্তা, ঘটনার প্রতিবাদে শুভশ্রী গাঙ্গুলি

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁতে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনুষ্ঠান চলাকালীন আয়োজকরা তাকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনার পর অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। উল্লেখ্য, একসময় নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তীর প্রেমের সম্পর্ক ছিল বলে আলোচনা ছিল। পরে রাজ চক্রবর্তী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান এবং পরবর্তীতে তাদের বিয়ে হয়। এই বিষয়কে ঘিরে একসময় শুভশ্রী ও মিমির মধ্যে তিক্ততা তৈরি হয়েছিল বলে মনে করা হলেও, বর্তমানে সে অধ্যায় অতীত বলেই ধরা হয়। এমন প্রেক্ষাপটে মিমির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিরুদ্ধে শুভশ্রীর অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখছেন অনেকেই।

একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভশ্রী গাঙ্গুলি বলেন, সাম্প্রতিক সময়ে বিশেষ করে নারী সেলিব্রেটিরা “খুব বেশি সফট টার্গেট” হয়ে যাচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, সমাজ কি ধীরে ধীরে এ ধরনের আচরণ মেনে নিতে অভ্যস্ত হয়ে পড়ছে কি না।

সংগীতশিল্পী লগ্নজিতা, অভিনেত্রী মিমি এবং মৌনির উদাহরণ উল্লেখ করে শুভশ্রী বলেন, তাদের সঙ্গে যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে সকলের একসঙ্গে প্রতিবাদ করা উচিত। তিনি আরও বলেন, শিল্পীরা সম্মানের জন্য কাজ করেন—পারিশ্রমিক পাওয়া স্বাভাবিক হলেও পারিশ্রমিক প্রদানকারীরা শিল্পীদের “মাথা কিনে নেননি”।

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ-বিদ্বেষ নিয়েও মন্তব্য করেন শুভশ্রী। তিনি বলেন, সমাজকে সুস্থ রাখার দায়িত্ব শুধু শিল্পীদের একার নয়; যারা অনলাইনে মন্তব্য করেন, তাদেরও দায়িত্ব আছে—তাই কিছু বলার আগে ভেবেচিন্তে বলা প্রয়োজন।