বিএনপির নারী কর্মীরা জামায়াত-শিবিরের হামলার শিকার: রিজভী

0
52
বিএনপির নারী কর্মীরা জামায়াত-শিবিরের হামলার শিকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির নারী কর্মী ও সমর্থকরা নিয়মিতভাবে জামায়াত ও ছাত্র শিবিরের হামলার শিকার হচ্ছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের “বট বাহিনী”। তার দাবি, জামায়াত ও ছাত্র শিবির অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং বিএনপির নারী কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

জামায়াতের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দলটিতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। রিজভীর বক্তব্য, জামায়াত ক্ষমতায় গেলে দেশের নারীরাই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন। তিনি আরও উল্লেখ করেন, দলটির আমির প্রকাশ্যে বলেছেন—তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন না।

শেষে রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি “গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে” দেশের মানুষ গুরুত্ব দেবে না।