যৌথ অভিযানে সারাদেশে অস্ত্র-গোলাবারুদ-মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৫০৪

0
41
যৌথ অভিযানে সারাদেশে অস্ত্র-গোলাবারুদ-মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৫০৪

সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক বার্তায় আইএসপিআর জানায়, গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

বার্তায় বলা হয়, অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ নজরে এলে নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর অর্থাৎ গত ১১ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১৫৩টি অস্ত্র এবং ১ হাজার ৮৩৪টি গোলাবারুদ।