মিয়ানমারের নির্বাচনী সময়ে বিমান বাহিনীর অভিযানে নিহত অন্তত ১৭০

0
42
মিয়ানমারের নির্বাচনী সময়ে বিমান বাহিনীর অভিযানে নিহত অন্তত ১৭০

সামরিক শাসিত মিয়ানমারে জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় দেশটির বিমান বাহিনী ধারাবাহিক অভিযান চালিয়েছে। এতে অন্তত ১৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)।

২০২১ সালের ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর মিয়ানমারের সামরিক সরকার ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে ভোটগ্রহণের কথা বলা হয়। তবে ‘বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচন ও সুষ্ঠু ভোটের জন্য উপযুক্ততা’ নেই—এমন কারণ দেখিয়ে ১২১টি আসনে ভোট হবে না বলেও নির্বাচন কমিশন জানায়।

কমিশনের ঘোষণামতে গত ২৫ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হয়। পরে চূড়ান্ত ভোট গণনার পর জানানো হয়, নির্বাচনে বড় জয় পেয়েছে সামরিক বাহিনী-সমর্থিত দল ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি (ইউএসডিপি)।

এদিকে বৃহস্পতিবার ‘নির্ভরযোগ্য সূত্র’-এর বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন জানায়, ভোটগ্রহণ চলাকালে—অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত—বিদ্রোহী অধ্যুষিত এলাকায় মিয়ানমারের বিমান বাহিনী কমপক্ষে ৫০৮টি ছোট-বড় বিমান অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে নিহত হয়েছেন কমপক্ষে ১৭০ জন। নিহতদের মধ্যে কয়েকজন প্রার্থীও ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ওএইচসিএইচআরের মিয়ানমার শাখার প্রধান জেমস রোডেহ্যাভের বলেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে বিভিন্ন এলাকায় বিমান অভিযান শুরু হয় এবং ২৫ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকে। এ প্রসঙ্গে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক নির্বাচনকে ‘ভুয়া’ এবং ‘সামরিক বাহিনীর সাজানো নাটক’ বলে মন্তব্য করেছেন।

সূত্র: বিবিসি