ডিআর কঙ্গোর রুবায়া কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত

0
55
ডিআর কঙ্গোর রুবায়া কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) নর্থ কিভু প্রদেশের রুবায়া এলাকার একটি কোলটান খনিতে ধস নেমে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিদ্রোহীদের নিয়োগ করা প্রাদেশিক গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা এ তথ্য জানান।

মুইসা বলেন, গত বুধবার (২৮ জানুয়ারি) রুবায়া কোলটান খনিতে ভূমিধসের ঘটনায় ২০০ জনের বেশি মানুষ মারা গেছেন। নিহতদের মধ্যে খনি শ্রমিকদের পাশাপাশি নারী ও শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় কয়েকজনকে উদ্ধার করা গেলেও অনেকে গুরুতর আহত হয়েছেন এবং অন্তত ২০ জন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, বর্ষাকালে নর্থ কিভুর মাটি নরম ও ভঙ্গুর হয়ে পড়ে। ধসের সময় ভুক্তভোগীরা গর্তের ভেতরে থাকায় মাটি চাপা পড়ে প্রাণহানি ঘটে।

এদিকে গভর্নরের এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মৃতের সংখ্যা অন্তত ২২৭ জন। তিনি গণমাধ্যমকে ব্রিফ করার অনুমতি না থাকায় নাম প্রকাশ করতে চাননি।

বিশ্বের মোট কোলটানের প্রায় ১৫ শতাংশ উৎপাদন হয় রুবায়ায়। এই কোলটান প্রক্রিয়াজাত করে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান উপাদান ও গ্যাস টারবাইন নির্মাণে ব্যবহৃত একটি তাপ-সহনশীল ধাতু। স্থানীয়রা এখানে প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে হাতে খননকাজ করেন। খনিটি ২০২৪ সাল থেকে এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

জাতিসংঘের অভিযোগ, এএফসি/এম২৩ রুবায়ার খনিজ সম্পদ ব্যবহার করে তাদের বিদ্রোহী কর্মকাণ্ডে অর্থায়ন করছে এবং এতে প্রতিবেশী রুয়ান্ডা সরকারের সমর্থন রয়েছে। তবে কিগালি এ অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: আল জাজিরা