দুদকের আবেদনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

0
26
দুদকের আবেদনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান এদিন এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণসহ নানা অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের মধ্যে ডিএনসিসির অধীন মিরপুর-গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দসহ ডিএনসিসির স্বার্থসংশ্লিষ্ট আরও কিছু বিষয় উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণের জন্য নোটিশ দেওয়া হলেও তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন—এমন আশঙ্কায় অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।