দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন শুনানির জন্য ফরহাদ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, ফরহাদ হোসেন ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে ১২টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৪৭১ টাকা জমা এবং ৬ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৯৯৬ টাকা উত্তোলনের লেনদেনকে অস্বাভাবিক ও সন্দেহজনক উল্লেখ করা হয়। আবেদনে আরও বলা হয়, তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা রয়েছে এবং সেটি তদন্তাধীন। তিনি বর্তমানে অন্য মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় এ মামলায় তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।