দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ সরকার করবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
নৌপরিবহন উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কাজ করছে। বন্দর কিংবা দেশের জন্য যা মঙ্গলজনক ও কল্যাণকর, নৌপরিবহন মন্ত্রণালয় সেটিকেই সমর্থন করবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি দেশের স্বার্থে বন্দর সচল রাখার আহ্বান জানিয়ে বলেন, বন্দরে সৃষ্ট পরিস্থিতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। তিনি আশ্বস্ত করেন, জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার বাস্তবায়ন করবে না এবং যে কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত।
রমজানকে সামনে রেখে কিছু ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুদ করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। তিনি জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।