বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে কিছু পাওয়ার নেই: রেজাউল করিম

0
45
বিএনপি-জামায়াতের কাছ থেকে নতুন করে কিছু পাওয়ার নেই: রেজাউল করিম

বিএনপি ও জামায়াতে ইসলামীর কাছ থেকে বাংলাদেশের মানুষের নতুন করে আর কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। সোমবার (২ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসামে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, বিএনপির শাসন দেশবাসী একাধিকবার দেখেছে এবং সেই সময়ে দুর্নীতির কারণে তারা বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে গঠিত জোটও বিএনপির সঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তার দাবি, ওই জোটের পক্ষ থেকেও বলা হয়েছে—দেশ শরিয়াহ অনুযায়ী নয়, প্রচলিত নিয়মেই পরিচালিত হবে। এ কারণে বিএনপি ও জামায়াতের কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, ক্ষমতার পালাবদলে একদলকে দেশ ছাড়তে হয় এবং সেই পালাবদলের সুযোগে কখনো কখনো ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়।

এ অবস্থার পরিবর্তনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

জনসভায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।