জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড প্রসঙ্গে যা বলল সেনাবাহিনী

0
39
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড প্রসঙ্গে যা বলল সেনাবাহিনী

সাইবার নিরাপত্তার বিষয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় তদন্ত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলিস্তানের ফুটবল স্টেডিয়াম এলাকায় ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক এ প্রশ্ন করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মনজুর বলেন, হ্যাকিং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তার বিষয় এবং প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, সেনাবাহিনী যাতে এ ধরনের সাইবার আক্রমণের শিকার না হয় সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর ডিজিটাল আইডি ও ওয়েবসাইট সুরক্ষিত রাখতে নিয়মিত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকির ধরনও বদলে যাচ্ছে, তাই সেনাবাহিনী নিয়মিতভাবে তাদের সাইবার নিরাপত্তা প্রস্তুতি হালনাগাদ করছে।