শুক্রবার বিএনপির ইশতেহার ঘোষণা, ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে শেষ জনসভা

0
25
শুক্রবার বিএনপির ইশতেহার ঘোষণা, ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে শেষ জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইশতেহার ঘোষণা করা হবে। তিনি আরও জানান, আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায়। ওই জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ নির্বাচনী সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকা ও আশপাশের এলাকার প্রার্থীরাও জনসভায় উপস্থিত থাকবেন বলে রিজভী উল্লেখ করেন।

শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে তিনি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই তাদের প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এছাড়া যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাসাসের আহ্বায়ক অভিনেতা হেলাল খান এবং তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখও উপস্থিত ছিলেন।