সুনামগঞ্জে জমি বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

0
42
সুনামগঞ্জে জমি বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

সুনামগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু হানিফা (৫৫) হালুয়ারগাঁও এলাকার বাসিন্দা এবং মৃত ফিরোজ আলীর ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবু হানিফা ও তার ভাতিজা তামিমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তামিম হাতে থাকা লাঠি দিয়ে আবু হানিফার ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শফিক জানান, রাতে গুরুতর আহত অবস্থায় আবু হানিফাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, জমি বিরোধকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।