আজ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি দেবে ইনকিলাব মঞ্চ

0
48
আজ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি দেবে ইনকিলাব মঞ্চ

শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, আজ (শনিবার) সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

হাদি হত্যার ৫৪ দিন পার হলেও বিচার না পাওয়ার অভিযোগ তুলে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে যেতে চাইলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন। এরপর ব্যারিকেড ভাঙতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, একপর্যায়ে জলকামান ব্যবহার, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করা হয়। ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে ওই এলাকা রণক্ষেত্রের মতো হয়ে যায় এবং ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত হন এবং ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায় বিক্ষোভ করেন। দিন গড়িয়ে রাতেও নেতাকর্মীরা ফের শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে পুলিশের সঙ্গে আবার সংঘর্ষের ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।

আহত সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই হামলা করা হয়েছে। তিনি বলেন, তারা নির্বাচন পেছানোর দাবি করছেন না, তবে হাদি হত্যার বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ না হলে কঠোর কর্মসূচির দিকে যাওয়ার হুঁশিয়ারি দেন। তিনি আরও জানান, হাদি হত্যার সুষ্ঠু তদন্ত জাতিসংঘের অধীনে নিশ্চিত করার দাবিতে যমুনা এলাকায় অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং এতে তাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন।