কর্মবিরতি কর্মসূচি টানা দুই দিন স্থগিত থাকার পর চট্টগ্রাম বন্দরে আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে এবার বহির্নোঙরেও কাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচি কার্যকর হলে বন্দরের সামগ্রিক কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের দুই সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন এ ঘোষণা দেন। তারা জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে।
সংগ্রাম পরিষদের দাবি অনুযায়ী, সরকারের পক্ষ থেকে এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার স্পষ্ট ঘোষণা দিতে হবে। পাশাপাশি আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এ পর্যন্ত নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আন্দোলনের শুরুতে বহির্নোঙরের কাজ কর্মবিরতির আওতার বাইরে থাকলেও রোববার থেকে শুরু হওয়া ধর্মঘটে বহির্নোঙরেও কোনো কাজ হবে না। সংবাদ সম্মেলনে পরিষদের নেতা মোহাম্মদ হারুন, তসলিম হোসেন, আবুল কাসেম, ইয়াসিন রেজা রাজু, জাহিদ হোসেন, ইমাম হোসেন খোকেন, শরীফ হোসেন ভুট্টোসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।